ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর | Chonde Sudhu Kan Rakho Kobitar Question Answer Class 7 Bengali wbbse

সাহিত্য মেলা
সপ্তম শ্রেণি বাংলা

ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্নোত্তর সপ্তম শ্রেণি বাংলা | Chonde Shudhu Kan Rakho Kobitar Question Answer wbbse

ছন্দে শুধু কান রাখো কবিতার কবি পরিচিতি, বিষয় সংক্ষেপ, নামকরণ, হাতে কলমে প্রশ্নের উত্তর | Class 7 Bengali Chonde Shudhu Kan Rakho Kobitar Question Answer wbbse

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

ছন্দে শুধু কান রাখো
—অজিত দত্ত

মন্দ কথায় মন দিয়ো না
ছন্দে শুধু কান রাখো,
দ্বন্দ্ব ভুলে মন না দিলে
ছন্দ শোনা যায় নাকো।
ছন্দ আছে ঝড়-বাদলে
ছন্দ আছে জোছনাতে,
দিন দুপুরে পাখির ডাকে
ঝিঝির ডাকে ঘোর রাতে।
নদীর স্রোতের ছন্দ যদি
মনের মাঝে শুনতে পাও
দেখবে তখন তেমন ছড়া
কেউ লেখেনি আর কোথাও
ছন্দ বাজে মোটর চাকায়
ছন্দে চলে রেলগাড়ি
জলের ছন্দে তাল মিলিয়ে
নৌকো জাহাজ দেয় পাড়ি
ছন্দে চলে ঘড়ির কাঁটা
ছন্দে বাঁধা রাত্রি-দিন,
কান পেতে যা শুনতে পাবে
কিচ্ছুটি নয় ছন্দহীন।
সকল ছন্দ শুনবে যারা
কান পেতে আর মন পেতে
চিনবে তারা ভুবনটাকে
ছন্দ সুরের সংকেতে।
মনের মাঝে জমবে মজা
জীবন হবে পদ্যময়,
কান না দিলে ছন্দে জেনো
পদ্য লেখা সহজ নয়।

শব্দার্থঃ দ্বন্দ্ব– সংঘাত, ঝগড়া, বিবাদ। ভুবন– পৃথিবী, জগত। সংকেত– ইশারা, ইঙ্গিত।

কবি পরিচিতিঃ অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে, ঢাকার বিক্রমপুরে ১৯০৭ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর কবি অজিত দত্তের জন্ম হয়। অত্যন্ত মেধাবী এই মানুষটি ত্রিশ-চল্লিশের দশকে আধুনিক বাংলা কবিতার এক বিশিষ্টতম কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃত ভাষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তিনি এমএ পাশ করেন। তাঁর কর্মজীবনের সূচনা হয় কলকাতার রিপন কলেজিয়েট স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে। পরবর্তী ক্ষেত্রে চন্দননগর, বারাসাত, প্রেসিডেন্সি কলেজে খ্যাতির সঙ্গে অধ্যাপনা করেছেন তিনি। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। অর্থাৎ কবির জীবনের একটা বড়ো অংশই জ্ঞানচর্চায় অতিবাহিত হয়। ১৯৭০ খ্রিস্টাব্দে দীর্ঘ শিক্ষকজীবন থেকে অবসর নেন তিনি। ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখির শুরু। ক্রমে এক বলিষ্ঠ কবি হিসেবে অজিত দত্ত জনপ্রিয় হয়ে ওঠেন। মাত্র ২০ বছর বয়সে বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে’ প্রগতি’ (১৯২৭) পত্রিকার সম্পাদনা তাঁর সাহিত্যিক উত্তরাধিকারে গভীর দৃঢ়তা দেয়। পরে বুদ্ধদেব বসু যখন ‘কবিতা’ পত্রিকার প্রকাশ শুরু করেন, তখন সূচনালগ্ন থেকেই তিনি ঘনিষ্ঠভাবে সংযুক্ত থেকেছেন। পরবর্তীক্ষেত্রে গোকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশের যুগ্ম-সম্পাদনায় মাসিক পত্রিকা ‘কল্লোল’ প্রকাশিত হলে, তিনি নিয়মিত সেখানে লেখালেখি করে পত্রিকার এক যোগ্য সাহিত্যকার হয়ে ওঠেন। ‘দিগন্ত’ সাহিত্য-বার্ষিকীর সম্পাদক ছিলেন কবি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কুসুমের মাস’ ১৯৩০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবির উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল– ‘কুসুমের মাস’, ‘পাতাল কন্যা’, ‘নষ্টচাঁদ’, ‘পুনর্নবা’, ‘ছড়ার বই’, ‘ছায়ার আলপনা’, ‘জানালা’, ‘সাদা মেঘে কালো পাহাড়’ প্রভৃতি। কয়েকটি প্রবন্ধগ্রন্থেরও জনক ছিলেন তিনি। ‘জনান্তিকে’, ‘মন পবনের নাও’ ও ‘বাংলা সাহিত্যে হাস্যরস’ তাঁর বুদ্ধিদীপ্ত ও গবেষণাধর্মী গদ্যগ্রন্থ। ১৯৭৯ খ্রিস্টাব্দের ৩০ ডিসেম্বর এই মহান কবি লোকান্তরিত হয়।

উৎসঃ “ছন্দে শুধু কান রাখো” একটি কিশোরমনষ্ক কবিতা, যেটি কবি অজিত দত্তের ২০০৭ খ্রিস্টাব্দে প্রকাশিত “শ্রেষ্ঠ কবিতা” কবিতা সংকলন থেকে নেওয়া।

পাঠপ্রসঙ্গঃ প্রকৃতির প্রতিটি স্তরেই ছন্দময়তার এক অনন্য ও আদর্শ রূপ বিদ্যমান। প্রকৃতির চলমানতার সঙ্গে সঙ্গে ছন্দের যে বিস্ময়কর প্রকাশ, তা সর্বত্রই অনুভূত হয়। এই ছন্দের নিয়মেই জীবজগতের জীবনধারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। মন দিয়ে গভীরভাবে কান পাতলে চারপাশে ছড়িয়ে থাকা ছন্দের টুং-টাং ধ্বনি সহজেই শোনা যায়। কিন্তু বর্তমান কোলাহলপূর্ণ ও ব্যস্ত পৃথিবীতে সেই স্বাভাবিক ছন্দময়তাকে অনুভব করা মোটেই সহজ কাজ নয়। কবি তাঁর কবিতায় এই বিশ্বাস ও উপলব্ধিকে অত্যন্ত নিবিড়ভাবে গেঁথে তুলেছেন।

আমাদের চারপাশে থাকা অসংখ্য বস্তু, দৃশ্য ও ঘটনার মধ্যেই ছন্দের নিরবচ্ছিন্ন চলাচল রয়েছে। সেই ছন্দকে সঠিকভাবে উপলব্ধি করতে পারলেই জীবন হয়ে উঠবে আরও সহজ, সুন্দর ও সার্থক। এর ফলে মানবমনের সৃষ্টিশীল শক্তিও যে নিশ্চিতভাবে বিকশিত হবে, সে বিষয়ে কবি গভীর আস্থা প্রকাশ করেছেন। জীবনকে পদ্যময় ও ছন্দোবদ্ধ করে তোলার ওপর কবি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং সেই লক্ষ্যে পৌঁছাতে ছন্দের আশ্রয় গ্রহণকেই তিনি সর্বশ্রেষ্ঠ পথ বলে মনে করেছেন। নিজের মনকে ছন্দের অবগাহনে সিক্ত করে, এই বিশ্বকে ছন্দ ও সুরের সংকেতে অনুভব করতে পারলেই জীবনে আনন্দ জমে ওঠে। সেই কারণেই কবি ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় আমাদের ছন্দকে অনুভব করার আহ্বান জানিয়েছেন।

বিষয় সংক্ষেপঃ আলোচ্য ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে ছন্দ মূলত এক ধরনের পদ্যবন্ধন। যেমন ছন্দের উপর নির্ভর করেই একটি কবিতা ধীরে ধীরে এগিয়ে চলে, তেমনি এই বিশাল মহাবিশ্বের সবকিছুই এক গভীর ছন্দময়তার বন্ধনে আবদ্ধ। তাই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই ছন্দস্পন্দনকে সঠিকভাবে অনুভব করতে হলে মন্দ বা নেতিবাচক কথায় কান দেওয়া চলবে না; বরং ছন্দের দিকে মনোযোগ দিয়ে কান রাখতে হবে। দ্বন্দ্ব ও বিবাদ ভুলে গিয়ে মনকে সজাগ ও সংবেদনশীল করে না তুললে এই ছন্দকে প্রকৃতভাবে শোনা ও বোঝা সম্ভব নয়।

অথচ বিশ্বপ্রকৃতির অসংখ্য উপাদানের মধ্যে ছন্দ ছড়িয়ে রয়েছে অগণিত রূপে। ঝড়-বৃষ্টি, জোছনার আলো, দিনের বেলায় পাখির কলতান কিংবা গভীর রাতের ঝিঁঝিঁ পোকার ডাক-সবকিছুতেই ছন্দ ভরপুর হয়ে থাকে। নদীর স্রোতের অসাধারণ কলরোলের ভেতরেও এমন এক ছন্দবদ্ধতা লুকিয়ে আছে, যা মন দিয়ে শুনতে পারলে মনে হয় এ যেন কোনো অচেনা ছড়ার ছন্দ, যা কেউ কোথাও লিখে রাখেনি। এমনকি মোটরের চাকার ঘূর্ণনেও ছন্দের ধ্বনি শোনা যায়। রেলগাড়ির চলাচলের মধ্যেও ছন্দের এক অনন্য উপস্থিতি লক্ষ করা যায়। জলপথে নৌকা ও জাহাজও ছন্দ ও তালের নিয়ম মেনেই এগিয়ে চলে।

ছন্দে চলার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ঘড়ির কাঁটা, যার গতির মধ্যেই দিন ও রাত বাঁধা পড়ে আছে। তাই কান পেতে শুনলে বোঝা যায়, চারপাশে যা কিছু শোনা যায় তার কোনোটিই ছন্দহীন নয়। যারা মন দিয়ে ও আগ্রহ সহকারে এই সব ছন্দ শুনতে পারে, তারাই প্রকৃত অর্থে এই ভুবনকে ছন্দ ও সুরের সংকেতে চিনে নিতে সক্ষম হয়। আর বিশ্বপ্রকৃতিতে ছড়িয়ে থাকা এই ছন্দকে হৃদয় দিয়ে অনুভব করতে পারলেই জীবনের গভীর আনন্দ উপলব্ধি করা যায়। তখন জীবন নিজেই হয়ে ওঠে ‘পদ্যময়’। কান পেতে ও মন দিয়ে ছন্দের এই অনুভূতি গ্রহণ না করলে কখনোই সুন্দর ও ছন্দবদ্ধ পদ্য রচনা করা সম্ভব হয় না।

নামকরণঃ নামকরণই সাহিত্যের এমন একটি বিষয়, যা যে-কোনো সাহিত্যসৃষ্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন না পাঠককুল ওই সাহিত্যের শৈলীতে প্রবেশের পূর্বে নামকরণ বা শিরোনাম দেখেই পাঠে প্রথম উৎসাহিত হন। অতএব দেখা যায় সাহিত্যকারেরা নামকরণটিকে বিষয়ানুগ ও যুক্তিগ্রাহ্য করে তোলার চেষ্টা করেন। তাই নামকরণ হয়ে ওঠে সাহিত্যের এক মৌলিক উপাদান। কবি অজিত দত্তের ‘ছন্দে শুধু কান রাখো’ এই কিশোরমনস্ক কবিতাটিতেও দেখা যায় নামকরণের প্রতি কবির ভাবনা যথেষ্ট নিজস্বতা পেয়েছে। কবিতার সূচনায় কবি মন্দ কথায় কান না দিয়ে কেবল ছন্দে কান রাখতে বলেন, কারণ তাঁর গভীর বিশ্বাস দ্বন্দ্ব বিবাদ ভুলে মনকে একাত্ম করতে না পারলে জগত্ময় ছড়িয়ে থাকা ছন্দকে যথার্থ অনুভব করা যায় না। বিশ্বময় ছন্দের সুন্দর প্রকাশকে যথার্থ অনুভব করার প্রেরণা দিতেই কবি কান পেতে ও মন দিয়ে ছন্দ শোনার পরামর্শ দেন। দেখিয়ে দেন ঝড়বাদলে, দিনের পাখির ডাকে, ঘোর রাতের ঝিঁঝির ডাকে সর্বত্রই প্রকৃতির নানা প্রসঙ্গে ছন্দ যেন নিজস্ব মাত্রা নিয়ে উপস্থিত। নদীর স্রোতে মাটির উপর মোটর চাকার, রেলের উপর রেলগাড়ি চলার, জলের উপর নৌকো-জাহাজের পাড়ি জমানোর ছন্দকে কবি কান পেতে শুনতে বলেন। ছন্দে চলা ঘড়ির কাঁটা যেমন দিনরাত্রিকে বেঁধে রেখেছে, তেমনি এ জগতের ‘কিচ্ছুটি নয় ছন্দহীন।’ অতএব সব কিছুর মধ্যে ছন্দের আশ্চর্য প্রকাশ। যারা ‘কান পেতে আর মনে পেতে’ শুনবে, তারাই ‘ছন্দ সুরের সংকেত’ ভুবনটাকে যথার্থ চিনবে, এ বিষয়ে সন্দেহ নেই। কবিতাশেষে কবি এ কথা জানাতে ভোলেননি, ছন্দকে সঠিক অনুভব করতে পারলে মনে আসবে মজা, যা জীবনকে করে তুলবে পদ্যময়। আবার ছন্দ না থাকলে কবিতা লেখাও যে কঠিন হয়ে পড়বে, এ কথাও কবি উল্লেখ করেছেন। অতএব দেখা যাচ্ছে, কবি তাঁর কবিতায় প্রকৃতির ছন্দে কান রাখার বিশেষ প্রয়োজনীয়তাকে সর্বাধিক মূল্য দিয়েছেন। এই কান রাখার আসল উদ্দেশ্য জীবনের আনন্দকে সত্যিকারের অনুভব করা। সুতরাং কবিতার শিরোনামে উঠে আসা ছন্দে শুধু কান রাখো’ চমকপ্রদ, অর্থময়, ব্যঞ্জনাধর্মী হওয়ায় তা সার্থক হয়েছে।

হাতে কলমে প্রশ্নোত্তর : ছন্দে শুধু কান রাখো কবিতা সপ্তম শ্রেণি বাংলা | Hate Kolime Question Answer Chonde Shudhu Kan Rakho Kobita Class 7 Bengali wbbse

১. অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ “মন্দ কথায় কান দিয়াে না”– মন্দ কথার প্রতি কবির কীরূপ মনােভাব কবিতায় ব্যক্ত হয়েছে‌ ?

উত্তরঃ মন্দকথা মনের মধ্যে রাখলে দ্বন্দ্ব বা বিবাদ তৈরি হয়; ফলে ছন্দ শােনা যায় না। তাই, মন্দ কথার প্রতি কবি বিরূপ মনােভাব প্রকাশ করেছেন।

১.২ “কেউ লেখেনি আর কোথাও”– কোন্ লেখার কথা এখানে বলা হয়েছে ?

উত্তরঃ নদীস্রোতের মধ্যেও ছন্দ রয়েছে; সেই ছন্দ যদি মনের মাঝে শুনতে পাওয়া যায়, তবে সেই ছন্দ সুন্দর।

১.৩ “চিনবে তারা ভুবনটাকে”– কারা কীভাবে ভুবনটাকে চিনবে ?

উত্তরঃ ঘড়ির কাটার ছন্দ, দিন-রাত্রির ছন্দ যারা কান পেতে শুনতে পাবে সেই ছন্দ তাদের কাছে বিশ্বভুবন ছন্দময় হয়ে উঠবে।

১.৪ “পদ্য লেখা সহজ নয়”— পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন ?

উত্তরঃ পদ্য ছন্দে লিখতে হয়, তা সহজ কাজ নয়। তাই, ছন্দবােধ না থাকলে পদ্য লেখা সহজ নয়।

১.৫ “ছন্দ শােনা যায় নাকো”—কখন কবির ভাবনায় আর ছন্দ শােনা যায় না ?

উত্তরঃ মানুষের মন দ্বন্দ্ব-বিবাদময় থাকলে ছন্দ শােনা যায় না। সকল ভুলে, দ্বন্দ্ব মিটিয়ে মন দিতে হবে তবেই ছন্দ শােনা যাবে।

২. বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্য পরিবর্তন করা এবং বাক্যরচনা করাে : ঝড়, মন, ছন্দ, দিন, সুর, সংকেত, দ্বন্দ্ব, মন্দ, ছদহীন, পদ্যময়, সহজ।

উত্তরঃ

» ঝড় (বি) > ঝােড়াে (বিণ) : বাক্য – আজ সকাল থেকেই ঝােড়াে হাওয়া বইছে।

» মন (বি) > মানস (বিণ) : আমারই মানসপটে তারই ছবি আঁকা।

» দিন (বি) > দৈনিক (বিণ) : সে দৈনিক তিন ঘণ্টার সাঁতার কাটে।

» ছন্দ (বি) > ছন্দময় (বিণ) : কবিতা ছন্দময় হয়ে থাকে।

» সুর (বি) > সুরেলা (বিণ) : আরতির মতাে এমন সুরেলা কণ্ঠ আর শুনিনি।

» সংকেত (বি) > সাংকেতিক (বিণ) : সাংকেতিক চিহ্নগুলি মনে রাখাে।

» দ্বন্দ্ব (বি) > দ্বান্দ্বিক (বিণ) :

» দ্বন্দ্ব (বি) > দ্বন্দ্বজ (বিণ) : দ্বন্দ্বজ সম্পর্ক দীর্ঘস্থায়ী কোরাে না।

» মন্দ (বিণ) > মন্দত্ব (বি) : মন্দত্ব দূর করো, নইলে ছন্দ শুনতে পাবে না।

» ছন্দহীন (বিণ) > ছন্দহীনতা (বি) : অকবিরা ছন্দহীনতায় আকুল।

» সহজ (বি) > সহজে (বিণ) : তুমি সহজে কাজটা করতে পারাে।

» পদ্যময় (বিণ) > পদ্য (বি) : সুদীপ্তর লেখা পদ্য ভালাে লাগে।

৩. নীচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখাে : মন্দ, দ্বন্দ্ব, তাল, ডাক, বাজে, ছড়া, মজা, নয়।

» মন্দ (খারাপ)— মন্দ কথা বলতে নেই।
» মন্দ (হালকা)— মৃদু-মন্দ বাতাস বয়ে চলেছে।

» দ্বন্দ্ব (সংশয়)— আশা করি রামবাবুর সমস্ত দ্বন্দ্ব ঘুচে যাবে।
» দ্বন্দ্ব (কলহ)— দ্বন্দ্ব থাকলে উন্নতি করা সম্ভব নয়।

» তাল (ফলবিশেষ)— ভাদ্র মাসে তাল পাকে।
» তাল (লয়)— সুর-তাল-লয় বােধ তােমার নেই।

» ডাক (আহ্বান)— তােমাকে সেই কখন থেকে ডাকছি।
» ডাক (চিঠির মাধ্যম) —ডাকে তােমার চিঠি পেয়েছি।

» বাজে (মন্দ)— বাজে কথা বলাে না।
» বাজে (আওয়াজ) —-সন্ধ্যা আরতিতে শাঁখ বাজে।

» ছড়া (গুচ্ছ)— একছড়া কলা কিনে আনতে হবে।
» ছড়া (ছন্দবদ্ধ পদ্য)— ছড়া পড়তে বেশ মজা লাগে।

» মজা (আনন্দ)— সুকুমার রায়ের ছড়াগুলি মজার।
» মজা (নষ্ট)— সমস্ত কাঁঠালটি মজে গেছে।

৪. নীচের শব্দগুলি কোন্ মূল শব্দ থেকে এসেছে লেখাে :
✓জ্যোৎস্না > জোছনা, ✓চক্র > চাকা, ✓কর্ণ > কান, ✓দ্বিপ্রহব > দুপুর, ✓ঝিল্লি > ঝিঝি

৫. কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করাে ।

৫.১ ছন্দ আছে ঝড়-বাদলে।

উত্তরঃ ঝড়-বৃষ্টিতে ছন্দ আছে।

৫.২ ছন্দে বাঁধা রাত্রি-দিন।

উত্তরঃ দিন-রাত্রি ছন্দে বাঁধা।

৫.৩ কিচ্ছুটি নয় ছন্দহীন।

উত্তরঃ কোনাে কিছুই ছন্দহীন নয়।

৫.৪ চিনবে তারা ভুবনটাকে/ ছন্দ-সুরের সংকেতে।

উত্তরঃ ছন্দ সুরের সংকেতে তারা ভুবনকে চিনবে।

৫.৫ কান না দিলে ছন্দে জেনাে / পদ্য লেখা সহজ নয়। বাঁধা।

উত্তরঃ ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না।

৬. ‘কান’ শব্দটিকে পাঁচটি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখাে :

» কান পাতলা (গােপন রাখতে অসমর্থ) : গােপালের মতাে এমন দেখিনি।

» কান কাটা (নির্লজ্জ) : লােকটা এমন দু-কান কাটা যে অপমানের পরেও দাঁড়িয়ে আছে।

» কান দেওয়া (শােনা) : একট কান দাও আমার কথায়।

» কানমলা (শাস্তি) : শিক্ষক মহাশয় তাকে কানমলা দিলেন।

» কান (কর্ণ) : কান পেতে শােননা তাহাদের কথা।

৭. ‘ঝড়-বাদল’— এমনই সমার্থক বা প্রায়সমার্থক পাঁচটি শব্দ লেখাে।

উত্তরঃ চিঠি-পত্র, খাতা-পত্তর, বন-জঙ্গল, নদী-নালা, খাল-বিল।

৮. তােমার পরিচিত আর কোন্ কোন্ যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে ?

উত্তরঃ সাইকেল, রিকশা, গােরুরগাড়ি, ভ্যান ইত্যাদির চলার মধ্যে ছন্দ রয়েছে।

৯. নানা প্রাকৃতিক ঘটনায় কীভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে ?

উত্তরঃ

কান পেতে শােনা যাবে এমন মন পেতে শােনা যাবে এমন
মেঘ ডাকার ছন্দ নদীর স্রোত
কুকুরের ডাকের ছন্দ পাখির ডাক
বৃষ্টির শব্দ নদীর বয়ে চলার ছন্দ
বজ্রের শব্দ জ্যোৎস্না রাতের ছন্দ

• সত্যেন্দ্রনাথ দত্তের ‘পালকির গান’ কবিতাটি শিক্ষকের সাহায্য নিয়ে সংগ্রহ করাে।

উত্তরঃ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসবে না তাই উত্তর করা হলো না।

১০. সমার্থক শব্দ লেখাে : জল, দিন, রাত্রি, নদী, ভুবন।

উত্তরঃ

» জল : সলিল, নীর, বারি, পানি, অম্বু।

» দিন : দিবস, দিবা, অহ্ন, রােজ, অহ

» রাত্রি : নিশি, রাত,রজনি, শর্বরী, নিশীথ।

» নদী : তটিনী, নর্দু, সরিৎ, প্ৰবাহিণী, স্রোতস্বিনী।

» ভুবন : পৃথিবী, জগৎ, বিশ্ব, অবনী, মেদিনী।

১১. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও :

» দিন— দিবস
» দীন— দরিদ্র

» সুর— তাল / দেবতা
» শূর— বীর।

» মন— হৃদয়
» মণ— পরিমাপের একক

» সকল— সব
» শকল— মাছের আঁশ

১২. ‘যারা-তারার’ মতাে তিনটি সাপেক্ষ শব্দজোড় তৈরি করাে।

উত্তরঃ যেমন-তেমন, যিনি-তিনি, যদি-তবে।

১৩. কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখাে।

উত্তরঃ সকল, যারা, তারা।

১৪. কবিতায় রয়েছে এমন চারটি ‘সম্বন্ধ পদ’ উল্লেখ করাে।

উত্তরঃ পাখির, ঝিঝির, জলের, ঘড়ির।

১৫. নীচের বাক্য / বাক্যাংশের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করাে।

১৫.১ ছন্দ আছে ঝড়-বাদলে।

১৫.২ দেখবে তখন তেমন ছড়া/কেউ লেখেনি আর কোথাও।

১৫.৩ জলের ছন্দে তাল মিলিয়ে/নৌকো জাহাজ দেয় পাড়ি।

১৫.৪ চিনবে তারা ভুবনটাকে/ছন্দ সুরের সংকেতে।

উত্তরঃ

উদ্দেশ্য বিধেয়
ছন্দ আছে ঝড়-বাদলে।
কেউ দেখবে তখন তেমন ছড়া / লেখেনি আর কোথাও।
নৌকো জাহাজ জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পাড়ি।
তারা চিনবে ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে।

১৬. কারক-বিভক্তি নির্ণয় করাে।

১৬.১ ছন্দে শুধু কান রাখাে।

উত্তরঃ অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

১৬.২ ছন্দ আছে ঝড়-বাদলে।

উত্তরঃ অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

১৬.৩ দিন দুপুরে পাখির ডাকে।

উত্তরঃ অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

১৬.৪ ছন্দে চলে রেলগাড়ি।

উত্তরঃ কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।

১৬.৫ চিনবে তারা ভুবনটাকে।

উত্তরঃ কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।

অতিরিক্ত প্রশ্নোত্তর : ছন্দে শুধু কান রাখো কবিতা সপ্তম শ্রেণি বাংলা | Extra Question Answer Chonde Shudhu Kan Rakho Kobita Class 7 Bengali wbbse

∆ বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : প্রতিটি প্রশ্নের মান- ১

১. ছন্দে শুধু কান রাখো” কবিতাটি কার লেখা ? ( রবীন্দ্রনাথ ঠাকুর / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / অজিত দত্ত )।

উত্তরঃ অজিত দত্ত।

২. কবিতায় কোনটা ভূলে যাওয়ার কথা বলা হয়েছে ?( দ্বন্দ্ব / ছন্দ / রাগ )

উত্তরঃ দ্বন্দ্ব।

৩. ছন্দ কোথায় কোথায় আছে বলে কবি মনে করেন ? ( ঝড় / বাদল / জোছনা / উপরের সবকটিই)।

উত্তরঃ উপরের সবকটিই।

৪. ঝিঁঝিঁ কখন ডাকে ? ( রাত্রে / ঘোর রাত্রে / সন্ধ্যাবেলায়)।

উত্তরঃ ঘোর রাত্রে

৫. মনের মাঝে কোন ছন্দ শুনতে পাওয়ার কথা বলা হয়েছে ? (নদীর স্রোতের / সমুদ্র স্রোতের / ঝরনা পড়ার)।

উত্তরঃ নদীর স্রোতের।

৬. কবিতায় ছন্দে যে গাড়ি চলার কথা বলা হয়েছে (ট্রাম গাড়ি / বাস গাড়ি / রেলগাড়ি)

উত্তরঃ রেলগাড়ি।

৭. ছন্দে কান না দিলে যা লেখা সহজ নয় (গদ্য / পদ্য / কবিতা)।

উত্তরঃ পদ্য।

৮. যারা সকল ছন্দ শুনবে তাদের জীবন হবে (ছন্দময় / গদ্যময় / পদ্যময়)।

উত্তরঃ পদ্যময়।

∆ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর : প্রতিটি প্রশ্নের মান- ১

প্রশ্ন: কিসে মন দিতে মানা করা হয়েছে ?

উত্তর: মন্দ কথায়।

প্রশ্ন: কিসে শুধু কান রাখতে বলা হয়েছে ?

উত্তর: ছন্দে।

প্রশ্ন: কী না ভুললে ছন্দ শোনা যায় না ?

উত্তর: দ্বন্দ্ব।

প্রশ্ন: পাখির ডাক কোন সময়ে শোনা যায় ?

উত্তর: দিন দুপুরে।

প্রশ্ন: কার ডাকে ঘোর রাতে ছন্দ শোনা যায় ?

উত্তর: ঝিঝির ডাকে।

প্রশ্ন: কবি কোন স্রোতের ছন্দ শুনতে বলেছেন ?

উত্তর: নদীর স্রোত।

প্রশ্ন: কীসে ছন্দ বাজে বলা হয়েছে ?

উত্তর: মোটর চাকায়।

প্রশ্ন: কোন যান ছন্দে চলে ?

উত্তর: রেলগাড়ি।

প্রশ্ন: জলের ছন্দে কী কী চলে ?
উত্তর: নৌকো-জাহাজ।

প্রশ্ন: ঘড়ির কোন অংশ ছন্দে চলে ?

উত্তর: ঘড়ির কাঁটা।

প্রশ্ন: কোন দুটি জিনিস ছন্দে বাঁধা ?

উত্তর: রাত্রি-দিন।

প্রশ্ন: যারা সকল ছন্দ শুনবে তারা কী চিনবে ?

উত্তর: ভুবনটাকে।

প্রশ্ন: ছন্দ শুনলে মনের মাঝে কী জমবে ?

উত্তর: মজা।

প্রশ্ন: কান না দিলে পদ্য লেখা কি সহজ ?

উত্তর: না।

∆ ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর : প্রতিটি প্রশ্নের মান- ২

১. প্রশ্ন: কবি কেন মন্দ কথায় মন না দিতে বলেছেন ?

উত্তর: মন্দ কথা মনকে ভারী করে এবং সৌন্দর্য উপলব্ধি নষ্ট করে। তাই মনকে নেতিবাচকতা থেকে দূরে রেখে প্রকৃতি ও জীবনের ছন্দ অনুভব করাই কবির উদ্দেশ্য।

২. প্রশ্ন: ছন্দে কান রাখার অর্থ কী ?

উত্তর: জীবনের প্রতিটি শব্দ, শব্দধ্বনি ও গতিতে লুকানো সৌন্দর্যকে উপলব্ধি করা। কবি বলতে চান, মনোযোগ দিয়ে শুনলেই জীবনের সুর ও কবিত্ব ধরা দেয়।

৩. প্রশ্ন: দ্বন্দ্ব ভুললে ছন্দ শোনা যায়— কবি এতে কী বোঝাতে চান ?

উত্তর: মন দ্বন্দ্বে ভরলে সৃষ্টির সৌন্দর্য অনুভূত হয় না। মনকে শান্ত ও নির্মল রাখলে তবেই জীবনের সুর ধরা দেয়।

৪. প্রশ্ন: ঝড়-বাদলেও ছন্দ থাকার অর্থ কী ?

উত্তর: প্রকৃতির প্রতিটি দৃশ্য— এমনকি অশান্ত ঝড়েও— এক ধরনের নিয়ম, সুর ও গতি আছে। অর্থাৎ সৌন্দর্য শুধু শান্তিতেই নয়, অস্থিরতার মধ্যেও থাকে।

৫. প্রশ্ন: জোছনাতে কী ধরনের ছন্দ কবি খুঁজে পান ?

উত্তর: জোছনার আলোয় প্রকৃতি শান্ত ও সুরেলা হয়ে ওঠে। সেই নীরব আলোতেও কবি এক অদৃশ্য সুর বা কবিত্ব খুঁজে পান— যা মনের শান্তিতে ধরা দেয়।

৬. প্রশ্ন: ছন্দে শুধু কান রাখ কবিতায় ‘পাখির ডাক’ ও ‘ঝিঝির ডাকে’র উল্লেখ কেন করা হয়েছে ?

উত্তর: দিনের ব্যস্ততা ও রাতের নীরবতা— উভয় সময়েই ছন্দ আছে তা দেখাতে। প্রকৃতির প্রতিটি মুহূর্ত সঙ্গীতময়— এ কথাই বোঝানো হয়েছে।

৭. প্রশ্ন: নদীর স্রোতের ছন্দ শোনা গেলে কী হয় ?

উত্তর: মন প্রকৃতির সঙ্গে একাত্ম হয় এবং নতুন কবিতা বা অনুভূতি জন্ম নেয়। কবি বলতে চান, প্রকৃতির ছন্দই সৃষ্টির মূল উৎস।

৮. প্রশ্ন: মোটর চাকায় ছন্দ থাকার অর্থ কী ?

উত্তর: মানবজীবনের প্রযুক্তি ও দৈনন্দিন যন্ত্রপাতিও নির্দিষ্ট ছন্দে চলে। প্রকৃতি ও যন্ত্র— উভয় ক্ষেত্রেই ছন্দের সুর বিদ্যমান।

৯. প্রশ্ন: রেলগাড়ির চলায় কেন ছন্দ আছে?

উত্তর: রেলগাড়ির নিয়মিত শব্দ ও গতি একটি ছন্দময় তাল তৈরি করে। এটি মানুষের যাত্রার সঙ্গে যুক্ত এক সৃষ্টিশীল গতির অভিব্যক্তি।

১০. প্রশ্ন: জলের ছন্দে নৌকা-জাহাজ পাড়ি দেওয়ার তাৎপর্য কী ?

উত্তর: জলের ঢেউ ও গতিতে স্বাভাবিক ছন্দ আছে, যা নৌযাত্রাকে চালিত করে। অর্থাৎ জীবনের সাফল্যে প্রকৃতির ছন্দই পথপ্রদর্শক।

১১. প্রশ্ন: ঘড়ির কাঁটার ছন্দ কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর: সময়ের নিরবচ্ছিন্ন প্রবাহে একটি নির্দিষ্ট তাল থাকে। এই ছন্দেই দিন-রাত্রির বিন্যাস ও জীবনের নিয়ম গড়ে ওঠে।

১২. প্রশ্ন: রাত্রি-দিন ছন্দে বাঁধা— উদ্ধৃতির ব্যাখ্যা দাও ?

উত্তর: প্রকৃতির প্রতিটি চলাচল—সূর্যোদয় থেকে রাত্রি— নির্দিষ্ট নিয়মে ঘটে। এটি নিয়মিত গতি প্রকৃতির চিরন্তন ছন্দ।

১৩. প্রশ্ন: যে ছন্দ শুনতে পারে সে ভুবনটাকে কীভাবে চিনবে ?

উত্তর: পৃথিবীর সৌন্দর্য, নিয়ম, সুর ও সৃষ্টিশীলতা মন দিয়ে শুনলে গভীরভাবে পৃথিবীকে উপলব্ধি করতে পারে।

১৪. প্রশ্ন: ছন্দ শুনলে মনের মাঝে ‘মজা জমা’র মানে কী ?

উত্তর: জীবনের সৌন্দর্য, সুর ও আনন্দ হৃদয়ে জমা হয়। মন উচ্ছ্বসিত ও সৃষ্টিশীল হয়ে ওঠে।

১৫. প্রশ্ন: কেন বলা হয়েছে—“কান না দিলে পদ্য লেখা সহজ নয়” ?

উত্তর: কবিতা ছন্দের ওপর নির্ভরশীল। ছন্দ না শুনলে বা অনুভব না করলে প্রকৃত কবিত্ব জন্মায় না। তাই মন ও কান খোলা রাখাই জরুরি।

প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নোত্তর

পাগলা গনেশ গল্পের বিষয়বস্তু

পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর

বঙ্গভূমির প্রতি কবিতার বিষয়বস্তু

বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর

মাতৃভাষা কবিতার প্রশ্ন উত্তর

একুশের কবিতা প্রশ্ন উত্তর

একুশের তাৎপর্য প্রশ্ন উত্তর

আত্মকথা গল্পের বিষয়বস্তু

আত্মকথা গল্পের প্রশ্ন উত্তর

আঁকা লেখা কবিতার প্রশ্ন উত্তর

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর

কুতুবমিনারের কথা প্রশ্ন উত্তর

মাকু প্রথম ও দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

মাকু গল্পের হাতে কলমে প্রশ্নোত্তর

ভাষাচর্চা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

📌 আরো দেখুনঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

📌 অন্যান্য ক্লাসের বাংলা প্রশ্নোত্তরঃ

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:16 mins read